বঙ্গোপসাগর সংলগ্ন বরগুনার পাথরঘাটা উপজেলার লালদিয়ার চর থেকে বিপুল পরিমাণ দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে কোস্টগার্ড।
বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
বরগুনা প্রতিনিদি
মো: আল আমিন মল্লিক
মঙ্গলবার ভোর রাত তিনটার দিকে একটি মাছধরা ট্রলারে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড।
এ বিষয়ে কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেঃ মেহেদী হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে পাথরঘাটা উপজেলার লালদিয়ার চরে একটি ট্রলারে অভিযান চালায় কোস্টগার্ড। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বনের ভিতরে পালিয়ে যায় ওই ট্রলারের থাকা সন্ত্রাসীরা।
পরে ট্রলারে তল্লাশি চালিয়ে সাতটি দেশীয়ভাবে তৈরি পিস্তল, ১৪ টি একনলা বন্দুক ও ১০ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্রগুলো পাথরঘাটা থানায় জমা দিয়ে একটি সাধারণ ডায়েরি করা হবে বলেও জানান তিনি।