-->
বিটুমিনের ওপর ইট বিছিয়ে তিন বছর পার

বিটুমিনের ওপর ইট বিছিয়ে তিন বছর পার


লোটাস আহমেদ শুভ,
যশোর প্রতিনিধি -

বিটুমিনের ওপর ইট বিছিয়ে তিন বছর পার করলেও আজো সংস্কার করা হয়নি যশোর মনিহার প্রেক্ষাগৃহ মোড় হতে মুড়লী মোড় পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি। সড়কটি এক শ পনের কোটি টাকা ব্যয়ে চার লেনে উন্নীত করা হবে, এসব অজুহাত দেখিয়ে বছরের পর বছর এভাবেই ফেলে রাখছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) যশোর কর্তৃপক্ষ। ভাঙাচোরা সড়ক দিয়েই র্দীঘদিন ধরে চরম ঝুঁকি নিয়েই চলছে শ শ যানবাহন। মাঝে মাঝে ছোট গাড়ি উল্টে যাওয়াসহ ঘটে ছোট ছোট দুর্ঘটনা। এতে যাত্রীরা যেমন অনিরাপদ বোধ করেন তেমনি পথচারীরা থাকেন শঙ্কিত। যে কোন সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। আবার সড়ক জুড়ে হেলেদুলে যান চলাচলের কারণে প্রতিনিয়ত বাড়ছে তীব্র যনজট।
যশোর-খুলনা মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ এ সড়কটির বেহাল অবস্থা দীর্ঘদিনের। ২০১৭ সালের শেষ দিকে মহাসড়কের এই অংশটি চলাচলে অনুপযোগী হয়ে পড়ায় বিটুমিনের ওপর ইট বিছিয়ে কোনরকম জোড়াতালি দেয় সওজ বিভাগ। সেই থেকেই সড়কটি আর পুন:নির্মাণ বা সংস্কার করা হয়নি। প্রতিবছর বর্ষা মৌসুম আসলেই এখানে বিটুমিনের ওপর ইট বিছিয়ে কোনোরকম চলাচলের উপযোগী করে তোলে সওজ। তারই ধারাবাহিকতায় চলতি বছরের প্রথম দিকে সড়কটির মনিহার প্রেক্ষাগৃহ মোড় হতে মুড়লী পর্যন্ত ইট বিছিয়ে দেয়া হয়। এতে মানুষের ভোগান্তি বেড়েছে।

যশোর শহরের মনিহার প্রেক্ষাগৃহের এলাকার ফলপট্টি ও বকচর এলাকার র‌্যাব কার্যালয়ের সামনে অন্তত দেড় কিলোমিটারজুড়ে বিটুমিনের সড়কের ওপরে ইটের বিছানা বসানো রয়েছে। এছাড়া রাস্তাটির বিভিন্ন অংশ উঁচু নিচু। ইটের ওই বিছানাও টিকছেনা। মাঝেমধ্যে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে ওই এলাকা দিয়ে যানবহন চলাচল করছে হেলেদুলে। সব সময় ধুলায় আচ্ছন্ন থাকছে গোটা এলাকা। এ কারণে স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবহনের যাত্রী সবাইকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

 

সম্পাদক: আর এ রাজু আহমেদ
নির্বাহী সম্পাদক: জাবের হাসান
প্রকাশকাল: ২৮ আগস্ট ২০২০
ঝিনুক সংবাদ নিউজরুম কালিগঞ্জ ঝিনাইদহ।
মোবাইল: ০১৫১৮৪৭১৮৮৭
ইমেইল: jhunuksangbad@gmail.com