যশোর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ উদ্বোধন
সোমবার, ৯ নভেম্বর, ২০২০
লোটাস আহমেদ শুভ , যশোর প্রতিনিধি -
যশোরে এই প্রথম আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে এনআইসিইউ ও আইসিইউ চালু করা হয়েছে। শিশুদের নিওনেটাল আইসিইউ মিলে মোট ১৬টি বেড চালু করা হলো। আদ্-দ্বীন ফাউন্ডেশনের ডাইরেক্টর জেনারেল প্রফেসর ডাঃ নাহিদ ইয়াসমিন গতকাল দুপুরে ফিতা কেটে এএনআইসিইউ ও আইসিইউ এর শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে প্রফেসর নাহিদ ইয়াসমিন বলেন, একমাত্র খুলনা ছাড়া যশোরসহ আশপাশের জেলাগুলোতে সরকারি কিংবা বেসরকারি পর্যায়ে মুমূর্ষু নবজাতক কিংবা মা’দের নিবিড় চিকিৎসা পরিচর্যার জন্য এনএনআইসিইউ কিংবা আইসিইউ বেড নেই। তাই, যশোরবাসীর উপকারার্থে আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাঃ শেখ মহিউদ্দিন যশোরে স্বল্প পরিসরে এ ধরনের উন্নত মানের সেবা চালু করেছেন।
প্রফেসর ডাঃ নাহিদ হাসান আরো বলেন, আগামীতে পুলেরহাটে আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ চালু হলে সেখানে ব্যাপক পরিসরে চালু হবে আইসিইউ সুবিধা। এতে যশোরবাসীর আর ঢাকা কিংবা খুলনায় যেতে হবে না। যশোরেই এ ধরনের চিকিৎসা সেবা পাওয়া যাবে।